বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর-রাণীরহাট সড়কের খানাখন্দে দুটি ট্রাক আটকে গিয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দীর্ঘ সময় যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন ওই সড়ক দিয়ে যাতায়াতকারী হাজারো মানুষ।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে মির্জাপুর-রাণীরহাট সড়কের মির্জাপুর এলাকায় এই যানজটের সূত্রপাত হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। বর্তমানে রাস্তাটি চলাচলের জন্য একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। সকালে পণ্যবাহী দুটি ট্রাক খানাখন্দে পড়ে আটকে গেলে রাস্তার উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে অ্যাম্বুলেন্স, সিএনজিচালিত অটোরিকশাসহ অসংখ্য যানবাহন আটকা পড়ে।
মির্জাপুর ইউনিয়নের এক স্থানীয় ব্যবসায়ী জানান, রাস্তাটির অবস্থা বেশ কিছুদিন ধরেই নাজুক। ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করলেও আজ দুটি ট্রাক খাদে আটকে পুরো রাস্তা বন্ধ হয়ে গেছে। এতে জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষজন বিপাকে পড়েছেন।
ভুক্তভোগী চালক ও যাত্রীদের অভিযোগ, নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে গুরুত্বপূর্ণ এই সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই গর্তগুলোতে পানি জমে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়। প্রশাসনকে একাধিকবার জানানো হলেও সড়ক সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ বলেন, রাস্তার ওপর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় রাস্তাটি দ্রুত নষ্ট হয়েছে। তবে এক সপ্তাহের মধ্যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু জানান, আটকে থাকা ট্রাক দুটি সরিয়ে সড়কটি স্বাভাবিক করার চেষ্টা চলছে। পাশাপাশি সড়কটির জরুরি সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর