পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের নয়ারচর গ্রামে গভীর নলকূপ স্থাপনের পর পাশের একটি কূপ থেকে গ্যাসের মতো পদার্থ নির্গত হওয়ার ঘটনা ঘটেছে। নির্গত পদার্থে দিয়াশলাই ধরাতেই আগুন জ্বলে ওঠায় এলাকায় তৈরি হয়েছে কৌতূহল। প্রায় ২৫ দিন ধরে একইভাবে পদার্থ নির্গত হওয়ায় বিষয়টি দেখতে প্রতিদিনই সেখানে ভিড় করছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে নয়ারচর গ্রামের বাসিন্দা মোহাম্মদ কামাল তার বাড়িতে একটি গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নেন। এক রাত ও এক দিন ধরে নলকূপ স্থাপনের কাজ চলার সময় এর পাশে একটি কূপ তৈরি হয়। ওই কূপ থেকেই প্রথম গ্যাসের মতো পদার্থের বুদবুদ বের হতে দেখা যায়।
মোহাম্মদ কামালের দাবি, নলকূপের ভেতর এবং পাশের কূপে নিয়মিত বুদবুদ দেখা যাচ্ছে। পরে বিষয়টি পরীক্ষা করতে দিয়াশলাই ধরালে সেখানে আগুন জ্বলে ওঠে। প্রায় ২৫ দিন ধরে একই অবস্থা অব্যাহত রয়েছে।
স্থানীয়দের কেউ কেউ ওই আগুন দিয়ে রান্নাবান্নাও করছেন বলে জানা গেছে। বিষয়টি ছড়িয়ে পড়ার পর কৌতূহলী মানুষ ঘটনাস্থলে গিয়ে তা দেখতে ভিড় করছেন।
মোহাম্মদ কামাল জানান, প্রথমে বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদকে অবহিত করেন। পরে উপজেলা প্রশাসনকেও বিষয়টি জানানো হয়েছে। তার দাবি, এটি যদি সত্যিই প্রাকৃতিক গ্যাস হয়ে থাকে, তাহলে তা রাষ্ট্রীয় সম্পদ হিসেবে গুরুত্ব দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন।
তবে নলকূপের পাশের কূপ থেকে নির্গত পদার্থটি আসলে প্রাকৃতিক গ্যাস কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিশেষজ্ঞদের পরীক্ষা-নিরীক্ষার পরই এর প্রকৃত উৎস ও গ্যাসের ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে।
এদিকে স্থানীয়দের মধ্যে এ ঘটনায় যেমন কৌতূহল তৈরি হয়েছে, তেমনি বিষয়টি দ্রুত পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
কুশল/সাএ
সর্বশেষ খবর