ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্র করনের কাছে যাত্রীবাহী একটি ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ৮৭ জন। তাদের সন্ধানে বড় পরিসরে উদ্ধার অভিযান চালাচ্ছে দেশটির কোস্ট গার্ড।
বুধবার সন্ধ্যায় উপকূল থেকে প্রায় ২ দশমিক ২ কিলোমিটার দূরে এম/ভি জুন অ্যাস্টার নামের ফেরিটিতে আগুন লাগে। ফেরিটি ১১৭ জন যাত্রী ও ১৭ জন ক্রু সদস্য নিয়ে ম্যানিলা থেকে করনের উদ্দেশে যাচ্ছিল।
ফিলিপাইন কোস্ট গার্ডের প্রকাশিত ভিডিওতে ফেরিটিকে আগুনে পুড়তে দেখা গেছে।
বৃহস্পতিবার কোস্ট গার্ডের ক্যাপ্টেন নোয়েমি কায়াবিয়াব জানান, ফেরিটির যাত্রী ও ক্রু তালিকায় মোট ১৩৪ জনের নাম ছিল। তাদের মধ্যে এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার হয়েছেন ৪২ জন। তাদের মধ্যে ৩৮ জন যাত্রী ও চারজন ক্রু সদস্য।
এখনো নিখোঁজ ৮৭ জনের সন্ধানে অভিযান চলছে। একই সঙ্গে কীভাবে ফেরিটিতে আগুনের সূত্রপাত হয়েছিল, তা জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কায়াবিয়াবের ভাষ্য, উদ্ধার হওয়া ব্যক্তিরা এখনো কথা বলার মতো অবস্থায় নেই। ফলে অগ্নিকাণ্ডের কারণ এবং আগুন লাগার সময় যাত্রীরা ফেরির কোথায় অবস্থান করছিলেন, সে বিষয়ে তথ্য সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে।
পর্যটকদের কাছে জনপ্রিয় করন ফিলিপাইনের পালাওয়ান অঞ্চলের অন্যতম পরিচিত গন্তব্য। দুর্ঘটনাকবলিত ফেরিটি দেশটির রাজধানী ম্যানিলা থেকে করনের উদ্দেশে যাত্রা করেছিল।
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর