মন্ত্রিসভায় অনুমোদনের পরও নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। গত ৩১ আগস্ট জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদনের পর এক সপ্তাহের মধ্যে গেজেট প্রকাশের কথা থাকলেও ১০ সেপ্টেম্বর পর্যন্ত তা জারি হয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পে-স্কেল সংক্রান্ত প্রজ্ঞাপনটি বর্তমানে আইন মন্ত্রণালয়ের ভেটিং পর্যায়ে রয়েছে। ফলে নতুন বেতন কাঠামো নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
নতুন স্কেলে মূল বেতন, বিভিন্ন ভাতা কার্যকরের সময় এবং বকেয়া বেতন কীভাবে হিসাব হবে—এসব বিষয়ে চূড়ান্ত নির্দেশনার অপেক্ষায় রয়েছেন চাকরিজীবীরা।
সূত্রের দাবি, জুডিশিয়ারি সার্ভিসের কর্মীরা শতভাগ ভাতা দাবি করলেও অর্থ বিভাগ তাতে সম্মতি দেয়নি। বিষয়টির পূর্ণাঙ্গ সমাধান ছাড়াই বেতনকাঠামো অনুমোদন হওয়ায় এখন গেজেট প্রকাশের আগে এ জটিলতা নিরসনের প্রয়োজন দেখা দিয়েছে।
তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিয়ে প্রকাশ্যে বিস্তারিত কিছু বলতে চাইছেন না। ফলে গেজেট প্রকাশে বিলম্বের কারণ নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত বেতন, বার্ষিক ইনক্রিমেন্ট, পদোন্নতি, উচ্চতর গ্রেড, বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতাসহ অবসর সুবিধার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। প্রজ্ঞাপনে দেওয়া নির্দেশনাই এসব ক্ষেত্রে চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর