ব্রিকস সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক সংকট নিয়ে আলোচনা করেন দুই নেতা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, জ্বালানি, মহাকাশ, দক্ষ জনশক্তির চলাচল এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
বৈঠকের শুরুতে দুই নেতা উষ্ণ আলিঙ্গন করেন। পরে পুতিনকে তামিল কবি ও দার্শনিক তিরুবল্লুভরের বিখ্যাত গ্রন্থ ‘তিরুক্কুরাল’-এর রুশ ভাষায় অনূদিত একটি সংস্করণ উপহার দেন মোদি।
বৈঠকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও কৃষ্ণসাগরীয় অঞ্চলের সংঘাত নিয়েও আলোচনা হয়। এসব সংঘাত সামুদ্রিক বাণিজ্য ও ভারতীয় নাবিকদের নিরাপত্তায় প্রভাব ফেলছে উল্লেখ করে মোদি বলেন, সংঘাত নিরসনের একমাত্র পথ সংলাপ ও কূটনীতি।
এর আগে গত ৩১ আগস্ট কিরগিজস্তানের বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের ফাঁকে দুই নেতার বৈঠক হয়েছিল। সেখানে ইউক্রেন যুদ্ধের অবসানের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন মোদি।
দ্বিপক্ষীয় বৈঠক শেষে পুতিনের গাড়িতে একসঙ্গে যাত্রা করেন দুই নেতা। এ নিয়ে তৃতীয়বারের মতো তাদের একই গাড়িতে যাত্রা করার ঘটনা ঘটল।
২০২৬ সালে ব্রিকসের সভাপতির দায়িত্ব পালন করছে ভারত। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ১৮তম ব্রিকস সম্মেলন। এতে সদস্য ও অংশীদার দেশগুলোর নেতাদের পাশাপাশি আমন্ত্রিত অন্যান্য দেশের প্রতিনিধিরাও অংশ নেবেন।
সূত্র: এনডিটিভি
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর