ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে সামরিক হামলার পরিকল্পনার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। একই সঙ্গে ওয়াশিংটনকে সতর্ক করে মস্কো বলেছে, সামরিক অভিযান, ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির মাধ্যমে ইরানি জনগণের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংকল্প দুর্বল করা সম্ভব নয়।
সম্প্রতি ইরানের কেশম দ্বীপে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নতুন করে বেড়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, গত কয়েক মাসের ঘটনাপ্রবাহ স্পষ্টভাবে প্রমাণ করেছে, সামরিক শক্তি প্রয়োগ করে ইরানি জনগণের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আকাঙ্ক্ষা দমন করা সম্ভব নয়। যারা নতুন করে হামলার হুমকি দিচ্ছে কিংবা সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে, তাদের অতীতের ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত।
সংকট সমাধানে সামরিক পদক্ষেপের পরিবর্তে কূটনৈতিক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব দেন রুশ এই মুখপাত্র। তিনি বলেন, সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের কাছে গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করা এবং তা বাস্তবায়নে মধ্যস্থতাকারীদের সহযোগিতা করতে রাশিয়া প্রস্তুত।
এদিকে, বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন জাখারোভা।
তিনি আরও বলেন, হরমুজ প্রণালি ব্যবহারের ক্ষেত্রে ইরানের বৈধ স্বার্থের প্রতি সম্মান দেখানো জরুরি। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য ও নৌ চলাচলের স্বার্থে সব দেশের জন্য এই জলপথ নিরাপদ ও উন্মুক্ত রাখা নিশ্চিত করতে হবে।
সূত্র: আনাদোলু এজেন্সি।
কুশল/সাএ
সর্বশেষ খবর