সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন বিগত যেকোনো সময়ের চেয়ে স্বচ্ছ হবে। এই নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না এবং স্থানীয় সরকার কার্যক্রম শতভাগ সক্রিয় করার উদ্যোগ নেওয়া হবে। যোগ্য, সৎ ও শিক্ষিত ব্যক্তিদের মাধ্যমে স্থানীয় সরকারকে পুনরুজ্জীবিত করাই সরকারের লক্ষ্য।
রবিবার দুপুরে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের সরকার—এটি দেশের মানুষ বিশ্বাস করতে শুরু করেছে। তবে জনগণের চাহিদার অনেক কিছু এখনো পূরণ করা সম্ভব হয়নি। বিশেষ করে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট দীর্ঘদিনের। বাংলাদেশকে পরনির্ভরশীল করে রাখা এই তিনটি খাতের সমস্যা স্থায়ীভাবে সমাধানের জন্য সরকার কাজ করছে, যাতে ভবিষ্যতে আর কারো দিকে তাকিয়ে থাকতে না হয়।
ফারজানা শারমিন পুতুল আরও বলেন, সমস্যা ও সমাধানের মধ্যবর্তী এই সময়ে জনগণের কিছুটা কষ্ট হচ্ছে। এই কষ্টের জন্য বর্তমান সরকার ও মাননীয় প্রধানমন্ত্রী বারবার দুঃখ প্রকাশ করেছেন। সরকারের আন্তরিকতা ও প্রচেষ্টার কোনো কমতি নেই এবং এই সংকট উত্তরণে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
নাটোর জেলা প্রশাসক সুমনা আক্তারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শরিফুল হক, সিভিল সার্জন মশিউর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর