নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারের প্রবেশপথে অবৈধভাবে নির্মিত দুটি দোকানঘর উচ্ছেদ করে সেখানে দৃষ্টিনন্দন ও প্রশস্ত গেট নির্মাণের উদ্যোগ নিয়েছেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এমপি আনোয়ারুল হক নিজে উপস্থিত থেকে ভেকু মেশিন দিয়ে ওই দুটি অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেন।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারটি মূলত দত্ত উচ্চ বিদ্যালয়ের জায়গায় প্রতিষ্ঠিত। বিগত সরকারের সময়ে শহীদ মিনারের প্রবেশপথের জায়গা দখল করে সেখানে অবৈধভাবে দুটি দোকানঘর নির্মাণ করে ভাড়া আদায় করা হচ্ছিল।
তিনি বলেন, শহীদ মিনারে ২১ ফেব্রুয়ারিসহ বিভিন্ন জাতীয় ও সরকারি কর্মসূচিতে বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়। সংকীর্ণ প্রবেশপথের কারণে তখন ভিড় ও ঠেলাঠেলির সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে জনগণের পক্ষ থেকে প্রবেশপথ প্রশস্ত করার দাবি জানানো হচ্ছিল। জনগণের দাবির পরিপ্রেক্ষিতে শহীদ মিনারের নিরাপত্তা, সৌন্দর্য বৃদ্ধি এবং দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিত করতে অবৈধ দোকানঘর দুটি উচ্ছেদ করে সেখানে একটি প্রশস্ত ও দৃষ্টিনন্দন গেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
প্রস্তাবিত গেট নির্মাণে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এমপি আনোয়ারুল হক। উচ্ছেদ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নূরু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান খান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি তাজেজুল ইসলাম ফারাস সুজাত, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, মদনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদ আহমেদ ফকির, জেলা কৃষক দলের সভাপতি সালাহউদ্দিন খান মিল্কী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, দত্ত উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ মজিবুর রহমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর