নাটোরের বাগাতিপাড়ায় ‘কালো জাদু’ করার ভয় দেখিয়ে এক পরিবারের কাছ থেকে প্রায় তিন লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির বিরুদ্ধে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাঁকা ইউনিয়নের বড় পাঁকা গ্রামে মো. আকছেদ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির বিরুদ্ধে বাগাতিপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আকছেদ আলী।
অভিযোগ সূত্রে জানা যায়, আকছেদ আলীর ছেলে মো. সিহাব আলী (২২) অসুস্থতার কারণে বাড়িতে ছিলেন। সোমবার দুপুর ১২টার দিকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি বাড়ির সামনে গিয়ে নিজেদের মাহফিলের লোক পরিচয় দিয়ে টাকা চান। সিহাব তাদের ২০ টাকা দিলে তারা এক গ্লাস পানি দিতে বলেন। পানি না দেওয়ায় তারা সিহাবকে তার মাকে ডাকতে বলেন।
পরে সিহাবের মা বাইরে এলে ওই দুই ব্যক্তি তার ছেলেকে দেখিয়ে ‘কালো জাদু’ করার কথা বলেন। এতে ওই নারী ভয় পেয়ে কান্না শুরু করলে তারা বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখান বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে এক গ্লাস পানি এনে তাতে কিছু করার পর ওই পানি পান করতে দেওয়া হয়।
এরপর বাড়িতে থাকা স্বর্ণালংকার এনে ওই পানিতে ডুবিয়ে দিতে বলা হয়। তাদের কথামতো আকছেদ আলীর স্ত্রী একটি আংটি, একটি চেইন ও এক জোড়া কানের দুল পানিতে ডুবিয়ে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে ওই দুই ব্যক্তি সিহাবকে বাইরে থেকে একটি খেজুরের কাঁটা নিয়ে আসতে বলেন। সিহাব বাইরে যাওয়ার পর তার স্ত্রী ও ছোট ছেলেকে ‘হিপনোটাইজ’ করে বাড়ি থেকে স্বর্ণালংকার নিয়ে তারা চলে যান বলে অভিযোগ করেছেন আকছেদ আলী।
আকছেদ আলীর দাবি, নেওয়া স্বর্ণালংকারগুলোর আনুমানিক মূল্য তিন লাখ টাকা। পরে সিহাব বাড়িতে ফিরে এলে ওই দুই ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে যান। পরিবারের সদস্যরা স্বর্ণালংকার খুঁজে না পেয়ে বিষয়টি বুঝতে পারেন।
ঘটনার পর সোমবার রাতেই বাগাতিপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দেন আকছেদ আলী। তিনি জানান, ঘটনার সাক্ষ্য হিসেবে অভিযুক্তদের ছবি ও ভিডিও ফুটেজ তার কাছে সংরক্ষিত রয়েছে।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, অভিযোগটি আমলে নিয়ে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর