তালা উপজেলার লাউতাড়া গ্রামে বাড়িতে নকল ও ভেজাল সার ও কীটনাশক মজুত রাখার দায়ে মশিয়ার রহমান নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) র্যাবের অভিযানে প্রায় ৫ লাখ টাকা মূল্যের এসব পণ্য জব্দ করার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দণ্ডাদেশ দেওয়া হয়।
অভিযান সূত্রে জানা যায়, মশিয়ার রহমানের বাড়িতে বিভিন্ন ধরনের নকল ও ভেজাল সার ও কীটনাশক মজুত করার পাশাপাশি সেগুলো উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সেখানে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পায়। পরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত মশিয়ার রহমানকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি জব্দ করা পণ্য ধ্বংসের নির্দেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মশিয়ার রহমান লাউতাড়া গ্রামের ইমান আলী মোড়লের ছেলে। তিনি বিসিআইসি সার সাব-ডিলার হিসেবে ব্যবসা পরিচালনার পাশাপাশি সার ও কীটনাশকের ব্যবসার সঙ্গে যুক্ত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, নকল ও ভেজাল সার-কীটনাশক কৃষি উৎপাদন ও কৃষকদের জন্য অত্যন্ত ক্ষতিকর। অভিযানে মশিয়ার রহমানের বাড়ি থেকে প্রায় ৫ লাখ টাকা মূল্যের ভেজাল পণ্য জব্দ করা হয়েছে এবং আইন অনুযায়ী তাকে শাস্তি প্রদান করা হয়েছে।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর