বরগুনায় আদালত কক্ষে জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় হট্টগোল, বিচারককে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় মন্তব্য এবং দায়িত্বরত পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত আসামি বশিরকে তাৎক্ষণিকভাবে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান
আজ বুধবার বরগুনা সদর আমলী আদালতে সিআর মামলার শুনানি চলাকালে এ ঘটনা ঘটে। আদালত ও পুলিশ জানায়, অস্থায়ী জামিনে থাকা আসামি বশিরের জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারক। এতে ক্ষিপ্ত হয়ে সে আদালতের ওপর চড়াও হয় এবং একের পর এক প্রশ্নের পাশাপাশি অশ্লীল মন্তব্য করতে থাকে।
আইনজীবীরা থামানোর চেষ্টা করলেও সে শান্ত হয়নি। একপর্যায়ে পুলিশ তাকে হ্যান্ডকাফ পরাতে গেলে দায়িত্বরত কনস্টেবল সিদ্দিকের ওপর হামলা চালায় বশির। এজলাসে বিচারকের উপস্থিতিতেই কনস্টেবল সিদ্দিককে মারধর করা হয়।
পরবর্তীতে আদালত দণ্ডবিধির ১৮৬ ও ৩২৩ ধারায় নতুন মামলা আমলে নিয়ে তাৎক্ষণিক সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর