টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সারটিয়াগাজী পূর্বপাড়া (গাংপাড়া) গ্রামের মানুষের নদী পারাপারের একমাত্র ভরসা একটি ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো। প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই সাঁকো দিয়ে পারাপার হচ্ছেন।
দীর্ঘদিনেও নদীটির ওপর কোনো ব্রিজ বা কালভার্ট নির্মিত হয়নি। অথচ নদীর ওপারেই রয়েছে আরিচা-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক। বর্ষা মৌসুম ছাড়াও বছরের প্রায় অর্ধেক সময় এলাকাবাসীকে চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। যাতায়াত ব্যবস্থার এই বেহাল দশার কারণে শিক্ষা, চিকিৎসা ও দৈনন্দিন প্রয়োজনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য সাঁকোটি পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় বাসিন্দা কোহিনুর ইসলাম ও মাসউদুর রহমান জানান, দীর্ঘদিন ধরে জীবনের ঝুঁকি নিয়ে তারা এই সাঁকো দিয়ে চলাচল করছেন। স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানের কাছে বারবার যোগাযোগ করেও কোনো সুফল পাওয়া যায়নি। তারা স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতায় এই দুর্দশা থেকে মুক্তি চান।
এলাকাবাসীর দাবি, দ্রুত একটি ব্রিজ বা কালভার্ট নির্মাণ করা হলে গ্রামটি সরাসরি আঞ্চলিক মহাসড়কের সঙ্গে যুক্ত হবে এবং দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের পাশাপাশি টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলুর সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগীরা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর