জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে অভিনেতা সাইদুর রহমান পাভেলকে বাদ দেওয়া হয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সম্প্রতি পাভেলের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই তাকে নিয়ে আলোচনা শুরু হয়। এর মধ্যে নির্মাতা কাজল আরেফিন অমির প্রকাশ করা একটি তালিকাকে ঘিরে নতুন করে এ গুঞ্জন ছড়িয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নির্মাতা কাজল আরেফিন অমি তার ফেসবুক অ্যাকাউন্টে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শিল্পীদের একটি তালিকা প্রকাশ করেন। সেখানে ধারাবাহিকটির নিয়মিত ও পরিচিত শিল্পীদের নাম থাকলেও সাইদুর রহমান পাভেলের নাম দেখা যায়নি। এরপরই তাকে ধারাবাহিকটি থেকে বাদ দেওয়ার আলোচনা আরও জোরালো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তালিকা ও পাভেলের ভাইরাল ভিডিও নিয়ে দর্শকদের মধ্যে নানা আলোচনা চলছে। অনেকেই ধারণা করছেন, ভিডিওটি ভাইরাল হওয়ার পরই ধারাবাহিকটিতে পাভেলের উপস্থিতি নিয়ে পরিবর্তন এসেছে।
তবে পাভেলকে ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ দেওয়ার বিষয়ে নির্মাতা কাজল আরেফিন অমি কিংবা অভিনেতার পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি এখনো নিশ্চিত নয়।
দীর্ঘদিন ধরে দর্শকদের মধ্যে জনপ্রিয় ‘ব্যাচেলর পয়েন্ট’। ধারাবাহিকটির বিভিন্ন চরিত্র ও সংলাপ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই আলোচনা হয়ে থাকে।
সাজু/নিএ
সর্বশেষ খবর