মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জান্নাকান্দি গ্রামে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গ্রামের নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃতরা হলেন—সৌদি আরবপ্রবাসী একরাম খালাসী (৪০), তার স্ত্রী এবং দেড় বছর বয়সী শিশুকন্যা।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র ও পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, শনিবার দুপুরে বাড়িতে ওই তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি জানাজানি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, একরাম খালাসীকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। অন্যদিকে তার স্ত্রী ও দেড় বছর বয়সী মেয়ের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ কারণে ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে এবং ঘটনার পেছনে কী কারণ রয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি হত্যা, নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহের কাজ করছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর