• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২৯ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৪ দুপুর

আজ দলগুলোর সঙ্গে মতবিনিময়, অংশ নেবে না বিরোধীরা

ফাইল ফটো

জুলাই জাতীয় সনদে সই করা রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে রোববার (২০ সেপ্টেম্বর) মতবিনিময় করবে জাতীয় সংসদের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি। সনদে স্বাক্ষরকারী ২৬টি দল ও জোটের প্রতিনিধিদের এতে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বিরোধী দল জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের কয়েকটি শরিক দল এতে অংশ নিচ্ছে না বলে জানা গেছে।

বিশেষ কমিটি সূত্র জানায়, রোববার বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে কমিটির দ্বিতীয় বৈঠক হবে। বৈঠকের অংশ হিসেবে জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী দল ও জোটের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রতিটি দল ও জোটের সভাপতি ও সাধারণ সম্পাদক পর্যায়ের দুজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে গত ৪ আগস্ট বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে রাজনৈতিক দল, সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী ও গণমাধ্যমের সম্পাদকসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় এবারের মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সভায় সংবিধান সংশোধন বিষয়ে দল ও জোটগুলোর মতামত জানতে চাওয়া হবে।

তবে গণভোটের রায় অনুযায়ী জুলাই জাতীয় সনদের সংবিধান-সম্পর্কিত সংস্কার প্রস্তাব বাস্তবায়নে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের পক্ষে রয়েছে বিরোধী দল। এই পরিষদ গঠন না হওয়ায় সংবিধান সংশোধন-সংক্রান্ত সরকারি কোনো উদ্যোগে অংশ নিতে তারা আগ্রহী নয়। এ কারণে বিশেষ কমিটিতেও বিরোধী দল কোনো প্রতিনিধি দেয়নি।

জামায়াতে ইসলামী-এনসিপির নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদে প্রতিনিধিত্ব না থাকা শরিক দলগুলোরও মতবিনিময়ে অংশ নেওয়ার সম্ভাবনা নেই। এর বাইরে আরও কয়েকটি দলও সভায় অংশ নাও নিতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অন্তর্বর্তী সরকারের সময়ে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে ৩০টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনা করে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হয়। সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গেও এ বিষয়ে আলোচনা করা হয়েছিল। বামপন্থি চারটি দল সনদে স্বাক্ষর করেনি। ফলে মোট ২৬টি দল ও জোট এতে সই করে। এর মধ্যে বর্তমানে আটটি দল ১১ দলীয় জোটের সঙ্গে রয়েছে।

১১ দলীয় জোটের অন্যতম শরিক এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, তারা মতবিনিময়ের আমন্ত্রণ পেয়েছেন। তবে সভায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষ্য, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করা উচিত ছিল। সেটি না করে বিশেষ কমিটি গঠন করা সঠিক হয়নি।

জুলাই জাতীয় সনদের ৮৪টি সংস্কার প্রস্তাবের মধ্যে ৪৮টি সংবিধান-সম্পর্কিত। এসব প্রস্তাব বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ’ জারি করেছিল। সংসদ নির্বাচনের সঙ্গে সংস্কার প্রস্তাব নিয়ে গণভোটও অনুষ্ঠিত হয়। এতে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় আদেশ অনুযায়ী ত্রয়োদশ সংসদের সদস্যদের নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং ১৮০ কার্যদিবসের মধ্যে সংস্কারকাজ শেষ করার কথা।

তবে বিএনপি সরকার গঠনের পর সংবিধান সংস্কার পরিষদ গঠন করেনি এবং দলটির সংসদ সদস্যরাও ওই পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। এর পরিবর্তে গত ১৩ জুলাই জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি গঠন করা হয়। কমিটিতে বিরোধী দলের পাঁচজন প্রতিনিধি চাওয়া হলেও তারা কোনো নাম দেয়নি এবং কমিটিও প্রত্যাখ্যান করে।

বিশেষ কমিটি সূত্র জানায়, ১০ সেপ্টেম্বর শেষ হওয়া সংসদের তৃতীয় অধিবেশনে বিরোধী দল কমিটিতে প্রতিনিধি দেবে বলে সরকারি দল আশা করেছিল। তবে শেষ পর্যন্ত তারা কোনো প্রতিনিধি দেয়নি। এমন পরিস্থিতিতে বিশেষ কমিটি এখন নিজস্ব কার্যক্রম এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে।

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন শনিবার বলেন, সংবিধান সংস্কারের পদ্ধতি গণভোটের মাধ্যমেই নির্ধারিত হয়েছে। কিন্তু সেই অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হয়নি। তার মতে, প্রচলিত পদ্ধতিতে সংবিধান সংশোধন করলে বিদ্যমান সংকটের সমাধান হবে না। বিশেষ কমিটি গঠনের সময়ই তারা সরকারকে জানিয়েছিলেন, এ ধরনের কমিটিতে তারা অংশ নেবেন না; সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনা হলে সেখানে অংশ নেবেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]