ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান, ইউপি সদস্য, মেয়র ও পৌর কাউন্সিলর প্রার্থীদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শোয়াইবনগর কামিল মাদ্রাসা অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রার্থী এবং কালীগঞ্জ পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও কালীগঞ্জ পৌরসভার মেয়র পদে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা লুৎফর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার সহকারী সেক্রেটারি ও মহেশপুর উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল হাই।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুল হাই বলেন, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে স্থানীয় সরকার ব্যবস্থায় যোগ্য ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। মানুষের সেবা করার মানসিকতা নিয়ে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের জনগণের আস্থা অর্জনে নিরলসভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, সমাজের রুট লেভেল থেকে অনিয়ম ও জঞ্জাল দূর করতে স্থানীয় সরকার নির্বাচনে যোগ্য নেতৃত্বের বিজয় গুরুত্বপূর্ণ। জনপ্রতিনিধিদের সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত করতে হবে।
অধ্যক্ষ আব্দুল হাই আরো বলেন, দেশকে চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে জনপ্রতিনিধিদের সততার কোনো বিকল্প নেই। তাই ভোটারদের উদ্দেশে তিনি সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীদের যাচাই-বাছাই করে ভোট দেওয়ার আহ্বান জানান। প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের করণীয়, জনগণের সাথে সম্পর্ক উন্নয়ন, জনসেবার মানসিকতা, নির্বাচনী কার্যক্রম পরিচালনা এবং জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীসহ দলটির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর