রাজধানীর শেরেবাংলা নগর এলাকার ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, ফ্ল্যাটের একটি কক্ষে ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে পিবিআই ও সিআইডির ফরেনসিক দলের সদস্যরাও ঘটনাস্থলে যান।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জিএম নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর ‘ব্যক্তিগত মুহূর্তের’ একটি ভিডিও ছড়িয়ে পড়ে। পরে ওই তরুণীকে মরিয়ম খাতুন হিসেবে শনাক্ত করা হয়। নজরুল ইসলাম তাকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। এ নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরবর্তীতে নৈতিক স্খলনের অভিযোগে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে।
এরপর মরিয়ম খাতুনও এক ভিডিও বার্তায় নজরুল ইসলামকে তার বৈধ স্বামী বলে দাবি করেন। নজরুল ইসলামের প্রথম স্ত্রীও তাদের বিয়ের বিষয়টি জানতেন বলে জানিয়েছিলেন। তবে বিয়ের সময় ও নথিপত্র নিয়ে বিভিন্ন প্রতিবেদনে প্রশ্ন ওঠে।
এরই মধ্যে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের মরদেহ উদ্ধারের ঘটনায় তার মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এটি আ*ত্মহ*ত্যা নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, ঠিক কখন ঘটনাটি ঘটেছে, সেটিও তখন পর্যন্ত জানা যায়নি। ফলে মৃত্যুর কারণ এবং ঘটনার আগে ফ্ল্যাটে কী ঘটেছিল, তা তদন্তের মাধ্যমে বের করা হবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর