সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের বাসা থেকে উদ্ধার হওয়া হাতে লেখা কয়েকটি চিঠিতে সম্পর্কের টানাপড়েন, ভালোবাসা, বিশ্বাসভঙ্গ, আক্ষেপ ও মানসিক কষ্টের কথা উঠে এসেছে। জাতীয় সংসদের অফিশিয়াল প্যাড, সাদা কাগজ এবং লাল-কালো কালিতে লেখা এসব পাতায় নিজের অবস্থান ও আত্মসম্মান রক্ষার কথাও তুলে ধরেছেন মরিয়ম খাতুন।
উদ্ধার হওয়া চিঠিগুলোতে সম্পর্কের বিভিন্ন আবেগঘন মুহূর্তের বর্ণনার পাশাপাশি প্রতারণার অভিযোগ, সম্পর্কের জটিলতা ও বিশ্বাসভঙ্গের অনুভূতি প্রকাশ করা হয়েছে। নিজেকে দাবার গুটি হিসেবে ব্যবহৃত হওয়ার কষ্টের কথাও রয়েছে এসব লেখায়।
একটি চিঠিতে লেখা হয়েছে, ‘আমি অতি বিশ্বাস করে যুদ্ধে নেমেছিলাম তার সাথে, কিন্তু জিততে পারিনি হেরে গেলাম ময়দানে। জিতবই বা কেমনে যুদ্ধের শেষ প্রান্তে এসে দেখি তুমিই তো ছিলে বিপক্ষ দলের সেনাপতি।’

অন্য একটি পাতায় সম্পর্কের টানাপড়েনের কথা তুলে ধরে লেখা হয়েছে, ‘সে ছিল অন্য নারীর স্বামী। কাগজে-কলমে অধিকার ছিল তার বউয়ের। আর আমি ছিলাম বোকা...!!! অন্য কারো স্বামীকে বানিয়েছিলাম নিজের শখের পুরুষ...!!!’
ওই লেখায় আরও বলা হয়েছে, ‘কাউকে অর্ধেক পাওয়ার চেয়ে হারিয়ে ফেলা বেশি সম্মানের কারণ... ভালোবাসা কখনোই ভাগ করে নেওয়ার বিষয় নয়... ভালোবাসা হয় সম্পূর্ণ, না হয় অপূর্ণ!’
আরেকটি পাতায় বিশ্বাসের সুযোগ নিয়ে প্রতারিত হওয়ার অনুভূতি প্রকাশ করে লেখা হয়েছে, ‘সে বলেছিল, আজ থেকে আমরা বন্ধু...চলো একটা গেমস খেলি। আমিও সরল মনে বিশ্বাস করে রাজি হয়েছিলাম। কিন্তু কে জানত—আমিই ছিলাম তোমার গেমসের দাবার এক গুটি।’
জাতীয় সংসদের প্যাডে লেখা আরেকটি পাতায় বিশ্বাসভঙ্গের কারণে হার-জিতের প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘আমি হেরেছি...তুমি জিতেছো...কারণ, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলেই তো ঠকিয়ে জিততে পেরেছো।’
লাল কালিতে লেখা একটি সংক্ষিপ্ত বার্তায় আত্মসম্মানের কথাও তুলে ধরা হয়েছে। সেখানে লেখা, ‘শুধু মায়ায় পড়েছি বলে বারবার তোমার কাছে নত হই… তা না হলে যতটা সস্তা ভাবছো ততটা সস্তা আমি নই...!’
তারিখসংবলিত ধর্মীয় আমলের পাতাও উদ্ধার
চিঠিগুলোর সঙ্গে ‘১২-০৭-২০২৬’ তারিখ লেখা একটি পাতাও পাওয়া গেছে। সেখানে ঘুমানোর আগে করণীয় কয়েকটি ধর্মীয় আমলের তালিকা রয়েছে।
উদ্ধার হওয়া এসব হাতে লেখা পাতায় সম্পর্ক, ভালোবাসা, বিশ্বাসভঙ্গ, আক্ষেপ ও আত্মসম্মান রক্ষার নানা অনুভূতির প্রকাশ রয়েছে। একই সঙ্গে একটি লেখায় ভবিষ্যৎ পরিণতি নিয়ে সতর্কবার্তাও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আত্মহত্যার প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রীকে গ্রেপ্তারের খবরও প্রকাশিত হয়েছে। তবে উদ্ধার হওয়া চিঠির বক্তব্যগুলো মরিয়ম খাতুনের নিজের লেখা হিসেবে উপস্থাপিত হলেও, এসব লেখায় করা অভিযোগ বা দাবির সত্যতা পৃথকভাবে যাচাই করা হয়েছে কি না, তা প্রতিবেদনে স্পষ্ট নয়।
সাজু/নিএ
সর্বশেষ খবর
অন্যান্য... এর সর্বশেষ খবর