বাজারে মিল্কভিটার পাস্তুরিত তরল দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ানো হয়েছে। ফলে এখন প্রতি লিটার দুধ বিক্রি হচ্ছে ১১০ টাকায়। গত ৫ আগস্ট থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্কভিটা) জানিয়েছে, খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহের দাম এবং প্রক্রিয়াজাতকরণ ব্যয় বেড়ে যাওয়ায় এ দাম সমন্বয় করা হয়েছে। এর আগে ১ আগস্ট খামারি পর্যায়ে দুধের সংগ্রহমূল্যও লিটারপ্রতি ৩ টাকা বাড়ানো হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, নতুন দামের দুধ বিক্রি হচ্ছে। ৫০০ মিলিলিটারের স্ট্যান্ডার্ড (লো ফ্যাট) দুধের দাম ৫৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৬০ টাকা। একই পরিমাণ টোন্ড মিল্কের দাম ৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ৫৫ টাকা।
তবে প্রাণ, আড়ং ও ফার্মফ্রেশের মতো বেসরকারি ব্র্যান্ডের দুধের দাম এখনো আগের মতোই রয়েছে। আধা লিটার এসব ব্র্যান্ডের দুধ বিক্রি হচ্ছে ৫০ টাকায়।
মিল্কভিটা জানিয়েছে, দুধের পাশাপাশি তাদের অন্যান্য দুগ্ধজাত পণ্যের দামও বাড়ানো হয়েছে। প্রতিষ্ঠানটি টোন্ড মিল্ক, ফ্লেভার্ড মিল্ক, ঘি, মাখন, গুঁড়া দুধ, দই, রসগোল্লা, সন্দেশ, চিজ ও কেকসহ প্রায় ২৫ ধরনের পণ্য বাজারজাত করে।
কেন বাড়ল দাম?
মিল্কভিটার দাবি, প্যাকেজিং সামগ্রী, গোখাদ্য ও অন্যান্য উপকরণের দাম বাড়ার পাশাপাশি বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের খরচও বেড়েছে। এতে প্রতি লিটার দুধ উৎপাদনে আগের তুলনায় ১১ থেকে সাড়ে ১১ টাকা পর্যন্ত অতিরিক্ত ব্যয় হচ্ছে।
মিল্কভিটার চেয়ারম্যান এস এম আমীর হামজা শাতিল বলেন, উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানকে অন্তত ব্যয়-আয়ের ভারসাম্যে রাখতে দুধের দাম বাড়ানো হয়েছে।
তিনি জানান, মিল্কভিটার কারখানাগুলোতে মাসিক বিদ্যুৎ বিল ৫৫–৫৬ লাখ টাকা থেকে বেড়ে ৭২–৭৪ লাখ টাকায় উঠেছে। গ্যাস-সংকটের কারণে কোথাও কোথাও এলপিজি ব্যবহার করতে হচ্ছে। পাশাপাশি জ্বালানি তেলের দাম বাড়ায় দুধ সংগ্রহ ও পরিবহন ব্যয়ও বেড়েছে।
খামারিদের দুধ সংগ্রহেও বেড়েছে দাম
খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ কমে যাওয়াও দাম বাড়ানোর অন্যতম কারণ বলে জানিয়েছে মিল্কভিটা।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বলেন, গোখাদ্য ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বেসরকারি কোম্পানিগুলো খামারিদের বেশি দামে দুধ কিনছে। এতে মিল্কভিটার দুধ সংগ্রহ কমছিল।
এ কারণে খামারিদের ধরে রাখতে গত ১ আগস্ট থেকে দুধের সংগ্রহমূল্য লিটারপ্রতি ৩ টাকা বাড়ানো হয়েছে। সব মিলিয়ে উৎপাদন ও সংগ্রহ ব্যয় বৃদ্ধির প্রভাবেই খুচরা বাজারে মিল্কভিটার দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ানো হয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর