ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন বলেছেন, ককটেল বা সহিংসতার ভয় দেখিয়ে যুবদলকে দমিয়ে রাখা যাবে না। কোনো পক্ষ নতুন করে দেশে বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে রাজপথে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
নয়ন বলেন, একসময় পল্টন ময়দানে পুলিশ যুবদল ও বিএনপির নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়েছিল। একপর্যায়ে গুলি শেষ হয়ে গেলে নেতাকর্মীরা পুলিশ সদস্যদের হাত উঁচু করে ব্যারাকে পাঠিয়েছিলেন বলেও তিনি দাবি করেন।
সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারীর ককটেল নিক্ষেপসংক্রান্ত মন্তব্যের জবাবে নয়ন বলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলকে ককটেলের ভয় দেখিয়ে লাভ নেই। অতীতে সংগঠনের নেতাকর্মীরা কামান, চায়না রাইফেল ও একে-৪৭-এর গুলির মুখোমুখি হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশে তিনি বলেন, শৃঙ্খলা বজায় রেখেই যুবদল তার কার্যক্রম পরিচালনা করছে। তবে সংগঠনের দিকে ‘চোখ রাঙানো’ বা রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হলে কাউকে ছাড় দেওয়া হবে না।
অতীতে যেভাবে ‘স্বৈরাচারের পতন’ ঘটানো হয়েছে, একইভাবে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারীরাও ‘জনরোষের মুখে পড়বে’ বলে মন্তব্য করেন নয়ন।
তিনি আরও বলেন, অতীতে পল্টন ময়দানে চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যুবদল ও বিএনপির নেতাকর্মীরা পিছু হটেননি। দেশে কোনো মহল যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য নেতাকর্মীদের রাজপথে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
কুশল/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর