চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশের লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, নভেম্বরের ৭ থেকে ১৫ তারিখের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য নিয়ে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ করতে কিছুটা বিলম্ব হলেও ফল প্রকাশের নির্ধারিত সময়সীমা বজায় রাখতে অতিরিক্ত মূল্যায়নকারী নিয়োগ দেওয়া হয়েছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার সিদ্ধান্ত ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত হওয়ায় সেখানে লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।
লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরপরই দ্রুত ফল প্রস্তুতের কাজ শুরু করা হয়েছে। অতিরিক্ত মূল্যায়নকারী নিয়োগের মাধ্যমে সংশ্লিষ্ট বোর্ডের ফলাফল প্রস্তুতের কার্যক্রমও এগিয়ে নেওয়া হচ্ছে।
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন। তাদের পরীক্ষা গ্রহণের জন্য সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছিল।
কুশল/সাএ
সর্বশেষ খবর