আগামী ২৬ অক্টোবর জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি’অর বিজয়ীর নাম। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি কার হাতে উঠবে, তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। সেই আলোচনায় এবার নিজের পছন্দের কথা জানালেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, স্পেনের একটি টেলিভিশন অনুষ্ঠানে দে লা ফুয়েন্তে বলেছেন, ব্যালন ডি’অর স্প্যানিশ কোনো ফুটবলারের প্রাপ্য। তার মতে, খেলা বোঝার ক্ষমতাসহ নানা দিক বিবেচনায় স্প্যানিশ খেলোয়াড়েরা বিশ্বের সেরাদের কাতারে রয়েছেন। এ বছরও তাদের পারফরম্যান্স যথেষ্ট শক্তিশালী ছিল বলে মনে করেন তিনি।
তবে শুধু ইয়ামালকে ঘিরেই তার এই প্রত্যাশা নয়। সম্প্রতি নিজেকে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে বর্তমান সময়ের সেরা খেলোয়াড়দের কাতারে রেখেছেন বার্সেলোনার ১৯ বছর বয়সী তারকা। ইয়ামালের এমন আত্মবিশ্বাসকে অহংকার হিসেবে দেখছেন না দে লা ফুয়েন্তে।
স্পেন কোচের মতে, নিজের সামর্থ্য সম্পর্কে বিশ্বাস থাকা দোষের কিছু নয়। ইয়ামাল ও এমবাপ্পে দুজনই ভিন্ন ধরনের প্রতিভা এবং আগামী বছরগুলোতে তারা ফুটবলে বড় প্রভাব রাখবেন বলেও মন্তব্য করেছেন তিনি। ব্যালন ডি’অর জয়ের যোগ্যতা অর্জন করেছেন, এমন কথা বলাকে অসম্মানজনক মনে করেন না দে লা ফুয়েন্তে।
ইয়ামাল ও এমবাপ্পের আলোচনার বাইরে স্পেনের আরও কয়েকজন খেলোয়াড়ের নামও সামনে এনেছেন তিনি। বিশেষ করে পিএসজির মিডফিল্ডার ফাবিয়ান রুইজকে নিয়ে আক্ষেপ রয়েছে তার। স্পেনের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার পরও রুইজ যথেষ্ট স্বীকৃতি পাচ্ছেন না বলে মনে করেন কোচ।
মিকেল ওয়ারসাবাল ও পেদ্রির নামও আলাদা করে উল্লেখ করেছেন দে লা ফুয়েন্তে। তার মতে, ওয়ারসাবালের সেরা ৩০-এর তালিকায় থাকা উচিত ছিল। পেদ্রির নাম না থাকাটাও তাকে বিস্মিত করেছে।
শেষ পর্যন্ত অবশ্য নির্দিষ্ট কোনো স্প্যানিশ ফুটবলারকে এগিয়ে রাখেননি স্পেন কোচ। তার কাছে ব্যালন ডি’অরের তালিকায় থাকা স্প্যানিশদের যে কেউ পুরস্কার জিতলেই তিনি খুশি হবেন।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
স্পোর্টস এর সর্বশেষ খবর