• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৮ সেকেন্ড পূর্বে
মোতালেব হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৩৮ সকাল

রাজউকের নকশা অনুমোদনে কাটছে দপ্তরে দপ্তরে ঘোরার ঝামেলা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নকশা অনুমোদন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা ও মানুষের ভোগান্তি কমাতে ওয়ানস্টপ সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় একটি নির্দিষ্ট স্থান থেকেই নকশা অনুমোদনের আবেদন করা যাবে। নির্ধারিত সময়ের মধ্যে তা নিষ্পত্তির ব্যবস্থাও করা হবে।

গত সোমবার জাতীয় সংসদে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল।

জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশার সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, এতদিন রাজউকের নকশা অনুমোদনের জন্য আবেদনকারীদের ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরে যেতে হতো। এতে ভোগান্তির পাশাপাশি উন্নয়ন কার্যক্রমও বাধাগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, এ সমস্যা সমাধানে ওয়ানস্টপ সার্ভিস চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। মন্ত্রী ও রাজউকের চেয়ারম্যান এতে সম্মতি দিয়েছেন। নকশা অনুমোদনের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ এবং একটি স্থান থেকে আবেদন গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন শেষে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন জানিয়েছেন, রাজউক থেকে যেকোনো প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়া হচ্ছে।

সরকারি উন্নয়ন প্রকল্পে অযৌক্তিকভাবে মেয়াদ ও ব্যয় বাড়ানোর প্রবণতা বন্ধেও নজরদারি করবে সংসদীয় কমিটি। শেখ মজিবুর রহমান বলেন, প্রকল্প বাস্তবায়নে জবাবদিহি নিশ্চিত করতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়মিত পরিদর্শন ও পর্যবেক্ষণ করা হবে। কোনো প্রকল্পে অনিয়ম, অস্বচ্ছতা বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আবাসন সংকট ও স্বল্পমূল্যে ফ্ল্যাট নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যমান নগর বিধিমালার কিছু জটিলতার কারণে আবাসন খাতের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে ফ্লোর এরিয়া রেশিও (এফএআর) সংক্রান্ত জটিলতায় অনেক ল্যান্ড ডেভেলপার আবাসন প্রকল্প বাস্তবায়ন করতে পারছেন না।

বিষয়টি বিশেষজ্ঞদের মাধ্যমে পর্যালোচনা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, পাশাপাশি ড্যাপ বিধিমালা ও নগর গৃহায়ণ বিধিমালা প্রণয়নের কাজ চলছে। গৃহায়ণ বিধিমালা না থাকায় ল্যান্ড ডেভেলপাররা প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]