বাস্তব জীবনের প্রেম এবার জায়গা করে নিচ্ছে রুপালি পর্দায়। বিয়ের পর প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে জুটি হিসেবে দেখা যাবে দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডাকে। তাদের নতুন সিনেমা ‘রানাবালি’ মুক্তির আগে রাশমিকার এক মিষ্টি মন্তব্য ঘিরে ফের আলোচনায় এসেছে এই তারকা জুটি।
সম্প্রতি সিনেমাটির ‘এন্ধাইয়া সামি’ গানের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমের স্টোরিতে শেয়ার করেন রাশমিকা। সেখানে বিজয়কে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, ভাবতেই অবাক লাগে যে বিজয় পুরোপুরি তার। অথচ নিজের মানুষ হয়েও তার প্রতি ক্রাশ খাওয়া নাকি এখনো থামাতে পারেন না তিনি।
রাশমিকার এই মন্তব্যের জবাবও দিয়েছেন বিজয়। তিনি লেখেন, ‘আমি আশীর্বাদপুষ্ট। আমি জয়াম্মাকে মিস করব। তবে তোমাকে তো সারা জীবনের জন্য পেয়েছি।’
‘রানাবালি’ সিনেমায় নাম-ভূমিকায় অভিনয় করেছেন বিজয় দেবেরাকোন্ডা। অন্যদিকে রাশমিকাকে দেখা যাবে তার স্ত্রী ও সংগ্রামের সঙ্গী জয়াম্মার চরিত্রে।
সিনেমাটির গল্পের পটভূমি ১৮৭৬ থেকে ১৮৭৮ সালের মাদ্রাজ দুর্ভিক্ষ—ভারতের ইতিহাসের ভয়াবহ এক দুর্ভিক্ষকাল। গল্পে দক্ষিণ ভারতের দুর্ভিক্ষপীড়িত সময়ে এক বিদ্রোহী যোদ্ধার ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াইয়ের কাহিনি তুলে ধরা হয়েছে। নিজের অঞ্চল ও সেখানকার মানুষের সুরক্ষায় তার সংগ্রামই গল্পের অন্যতম কেন্দ্রবিন্দু।
সিনেমায় ব্রিটিশ ঔপনিবেশিক কর্মকর্তা স্যার থিওডোর হেক্টর চরিত্রে অভিনয় করেছেন আর্নল্ড ভসলো। চরিত্রটি সিনেমায় রানাবালির অন্যতম প্রধান প্রতিপক্ষ।
রাহুল সাংকৃত্যায়নের পরিচালনায় নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছে মিথ্রি মুভি মেকার্স। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘রানাবালি’।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর