টাঙ্গাইলের নাগরপুরে ভীমরুলের কামড়ে চান মিয়া নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। চিকিৎসায় গাফিলতির কারণে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। নিহত চান মিয়া উপজেলার মামুদনগর ইউনিয়নের শ্রীবড়টিয়া গ্রামের বাসিন্দা।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে চান মিয়া নিজ বাড়ির তাল গাছে উঠে পরিষ্কার করার সময় ভীমরুলের আক্রমণের শিকার হন। ভীমরুল তার শরীরের একাধিক স্থানে হুল ফোটালে তিনি দ্রুত গাছ থেকে নেমে আসেন। শারীরিক অবস্থার অবনতি দেখে পরিবারের লোকজন তাকে দ্রুত নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, হাসপাতালে ভর্তির পর তাকে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি। সঠিক চিকিৎসা না পাওয়ায় তার অবস্থার অবনতি হতে থাকে। তারা আরও জানান, হাসপাতাল কর্তৃপক্ষ যদি শুরুতেই জানাত যে তারা চিকিৎসা দিতে পারবে না, তবে তারা রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যেতেন। হাসপাতালের অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে বলে দাবি করে তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান।
এ বিষয়ে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রিফাত মাহবুব বলেন, চান মিয়া বিকেল পাঁচটার দিকে হঠাৎ করেই শকে চলে যান। তাকে বাঁচানোর জন্য সব ধরনের চেষ্টা করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর