সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত গহনা, নগদ টাকা ও পরিবারের ভ্রমণের ছবি-ভিডিও পোস্ট করতেন ভারতের তামিলনাড়ুর এক নারী ইনফ্লুয়েন্সার। সম্প্রতি তার অনুপস্থিতির সুযোগে বাড়িতে ঢুকে প্রায় ১ কোটি রুপি মূল্যের স্বর্ণ ও হীরার গহনা এবং নগদ অর্থ চুরি করেছে দুর্বৃত্তরা।
পুলিশ এখন খতিয়ে দেখছে, ইনফ্লুয়েন্সারের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট দেখেই চোরেরা চুরির পরিকল্পনা করেছিল কি না।
ভুক্তভোগী ইনফ্লুয়েন্সারের নাম মধুমিতা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীর সংখ্যা সাড়ে চার লাখের বেশি। তিনি নিয়মিত নিজের বিপুল পরিমাণ গহনা ও নগদ অর্থের ছবি ও ভিডিও অনুসারীদের সঙ্গে শেয়ার করতেন।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মধুমিতা ও তার পরিবারের সদস্যরা কেনাকাটার জন্য বাড়ির বাইরে যান। এ সুযোগে চোরেরা বাড়ির পেছনের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে আলমারি লুট করে তারা প্রায় ১২০ ভরি স্বর্ণালংকার, মূল্যবান হীরার গহনা এবং ৫০ হাজার রুপি নগদ নিয়ে পালিয়ে যায়।
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, চুরির কয়েক দিন আগে মধুমিতা বিছানায় টাকার বান্ডিল ছড়িয়ে এবং শরীরে বিপুল পরিমাণ গহনা পরে বেশ কয়েকটি রিলস ও ভিডিও পোস্ট করেছিলেন। পরিবারের সদস্যদের নিয়ে কখন এবং কোথায় ভ্রমণে যাচ্ছেন, সেই তথ্যও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন।
পুলিশের ধারণা, চোরেরা হয়তো দীর্ঘদিন ধরে মধুমিতার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করছিল। তার পোস্ট দেখে তারা বাড়ি কখন ফাঁকা থাকবে এবং মূল্যবান গহনাগুলো কোথায় রাখা হতে পারে—এসব তথ্য জেনে চুরির পরিকল্পনা করেছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
তবে এ ঘটনার পর মধুমিতার একটি পুরোনো ভিডিওও নতুন করে আলোচনায় এসেছে। ওই ভিডিওতে তিনি দাবি করেছিলেন, মূল্যবান জিনিসপত্র কীভাবে নিরাপদে রাখতে হয়, সে বিষয়ে তিনি ভালোভাবেই জানেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর