লাইসেন্স ছাড়া পরিচালিত ২২টি অনলাইন পেমেন্ট অ্যাগ্রিগেটর শনাক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে বিষয়টি জানিয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকেও (বিএফআইইউ) চিঠি দেওয়া হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন বিভাগ থেকে এ চিঠি পাঠানো হয়। এতে শনাক্ত করা প্ল্যাটফর্মগুলোর ওয়েবসাইট ও গুগল প্লে স্টোরে থাকা অ্যাপ সরিয়ে নেওয়ার পাশাপাশি সেগুলোর কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানির পেমেন্ট সেবা প্রদান ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’ অনুযায়ী সম্পূর্ণ অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ।
লাইসেন্সবিহীন শনাক্ত ২২টি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম হলো—BohudurPay, ZiniPay, PayTiller, BengaliPay, Payora BD, SohojPay BD, EasyPayWay, AK Pay, BD PAY, ShajgarPay, AsthaPay/CPay, UddoktaPay, Walletmix, BttPay, Easy Pay Automation, UniquePay BD, BD AUTO PAY, RH Pay BD, EzePay, AutoPay Ltd, Biswasto এবং PipraPay।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এসব প্ল্যাটফর্ম পরিচালনা বা এগুলোর মাধ্যমে লেনদেন করলে গ্রাহকরা আর্থিক ও আইনি ঝুঁকিতে পড়তে পারেন। তাই কষ্টার্জিত অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য আইনি ঝুঁকি এড়াতে লাইসেন্সবিহীন এসব প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো ধরনের লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে।
একই সঙ্গে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কুশল/সাএ
সর্বশেষ খবর
কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর