• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৮ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০২ রাত

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ফের রিমান্ডে

ছবি: সংগৃহীত

রাষ্ট্রদ্রোহ মামলায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানকে আরও দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত হাসান শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান জোনাল টিমের পরিদর্শক মো. জেহাদ হোসেন রাকিবুলকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে আসামিপক্ষ রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করে।

রাষ্ট্রপক্ষের এসআই তারেকুর রহমান রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।

মামলার আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, এর আগে রিমান্ডে জিজ্ঞাসাবাদে রাকিবুল গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া চার মিনিট ২৯ সেকেন্ডের অডিওটি ডিভিডিতে ধারণ করে জব্দ করা হয়েছে। আসামির নমুনা কণ্ঠস্বরের সঙ্গে ওই অডিওর কণ্ঠস্বর তুলনামূলক পরীক্ষা করার জন্য তাকে পুনরায় জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

এ ছাড়া অডিওতে রাকিবুল যার সঙ্গে কথা বলেছেন, তাকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে আসামিকে নিয়ে অভিযান চালানোর জন্যও রিমান্ড প্রয়োজন বলে আদালতকে জানান তদন্ত কর্মকর্তা।

তবে আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন রিমান্ডের বিরোধিতা করে বলেন, রাকিবুলকে এরই মধ্যে পাঁচ দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু নতুন করে রিমান্ড চাওয়ার আবেদনে আগের জিজ্ঞাসাবাদের অগ্রগতি বা কেন আবার রিমান্ড প্রয়োজন, তা স্পষ্ট করা হয়নি।

আইনজীবী আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও প্রকাশের অভিযোগে মামলা করা হলেও এতে রাষ্ট্রদ্রোহের ধারা দেওয়া হয়েছে। তার দাবি, অভিযোগ ও মামলার ধারার মধ্যে সামঞ্জস্য নেই। তিনি বলেন, “এই মামলা তো টেকে না।” পরে যেকোনো শর্তে রাকিবুলের জামিনের আবেদন করেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের নামে একটি অডিও ছড়িয়ে পড়ে। এতে সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ নিয়ে বিভিন্ন মন্তব্য এবং ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে কথোপকথন শোনা যায়। অডিওতে থাকা ব্যক্তিকে পুলিশের দুর্বলতা, পুলিশ কর্মকর্তাদের রাজনৈতিক অবস্থান এবং পুলিশের পদায়নে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়েও কথা বলতে শোনা যায়।

তবে ছড়িয়ে পড়া অডিওটি রাকিবুল হাসানেরই কণ্ঠস্বর কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অডিওটি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে রাকিবুলকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরে ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে ওই মামলায় সাত দিনের রিমান্ড আবেদনের পর আদালত রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। সেই রিমান্ড শেষে সোমবার তাকে আদালতে হাজির করে ফের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]