বগুড়ার শেরপুরে বিস্ফোরক উপাদান আইন ও হত্যাচেষ্টা মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. আব্দুল খালেক ওরফে খোকনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শেরপুর পৌর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া আব্দুল খালেক উপজেলা ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ ঘোষিত) সক্রিয় কর্মী। তিনি নন্দীগ্রাম উপজেলার বুরইল ইউনিয়নের কামুল্যা গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে এবং বর্তমানে শেরপুর পৌরসভার শ্রীরামপুরপাড়া (কলেজ রোড) এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর থানায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ৩২৩, ৩২৫, ৩০৭, ৪২৭, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারাসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৫ ধারায় একটি মামলা (মামলা নং-২৪, জিআর নং-২৮৩) দায়ের করা হয়। ওই মামলার তদন্তে আব্দুল খালেকের প্রত্যক্ষ জড়িত থাকার তথ্য-প্রমাণ পায় পুলিশ।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে পৌর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আব্দুল খালেককে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর