জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও মডেল নিধি তিওয়ারির রহস্যজনক মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার মধ্যপ্রদেশের সিংগ্রৌলি জেলার ভুসা মোড় এলাকার নিজ বাড়ি থেকে ৩০ বছর বয়সী ভারতের এই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যরা নিধিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ পরিচিত ছিলেন নিধি। ফেসবুক ও ইনস্টাগ্রাম মিলিয়ে তার অনুসারীর সংখ্যা ছিল প্রায় ১৬ লাখ। এর মধ্যে ফেসবুকে প্রায় ৯ লাখ এবং ইনস্টাগ্রামে প্রায় ৭ লাখ অনুসারী ছিল। তার নিয়মিত পোস্ট ও ভিডিওতে হাজারো প্রতিক্রিয়া আসত। বেশ কয়েকটি ভিডিও কয়েক মিলিয়নবার দেখা হয়েছে।
২০২৪ সালে ‘মিস প্রিটি ইন্ডিয়া’ খেতাব জয়ের পর নিধির পরিচিতি আরও বাড়ে। এরপর মডেলিং ও অভিনয়কে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছিলেন তিনি। বিভিন্ন মডেলিং আয়োজন, ডিজিটাল কনটেন্ট ও বিনোদনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে নিজের পরিচিতি গড়ে তুলেছিলেন।
তবে মৃত্যুর আগে কী ঘটেছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পরিবারের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার সন্ধ্যায় মৃত্যুর কিছুক্ষণ আগে নিধি কারও সঙ্গে ফোনে কথা বলছিলেন। তবে ওই ফোনালাপের সঙ্গে তার মৃত্যুর কোনো সম্পর্ক ছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।
মরওয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. জ্ঞানেন্দ্র সিং জানিয়েছেন, নিধির পরিবারের সদস্য ও পরিচিতজনসহ সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তের অংশ হিসেবে তার কল রেকর্ড, ডিজিটাল কার্যক্রমসহ অন্যান্য তথ্যও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, তদন্ত এগিয়ে গেলে মৃত্যুর আগে নিধির সঙ্গে কী ঘটেছিল, সে বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।
এদিকে নিধির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন তার অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা। সিংগ্রৌলি থেকে উঠে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পাওয়া এই তরুণীর মৃত্যুতে স্থানীয়ভাবেও শোকের ছায়া নেমে এসেছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর