হাজিদের যাত্রা আরও সহজ, সমন্বিত ও সুশৃঙ্খল করতে ২০২৭ সালের হজ মৌসুমের জন্য নতুন একটি সমন্বিত প্যাকেজ চালু করছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় -এর এই উদ্যোগের খবর জানিয়েছে গালফ নিউজ।
নতুন ব্যবস্থায় হাজিদের থাকা, খাওয়া, যাতায়াত এবং পবিত্র স্থানগুলোর বিভিন্ন সেবা একটি চুক্তির আওতায় পাওয়া যাবে। ইলেকট্রনিক পাথ প্ল্যাটফর্মের মাধ্যমে এই সেবা দেওয়া হবে, যা হাজিদের সৌদি আরবে পৌঁছানো থেকে শুরু করে দেশে ফেরার আগ পর্যন্ত বিভিন্ন প্রয়োজন মেটাতে সহায়তা করবে।
প্যাকেজের আওতায় মক্কা ও মদিনায় আবাসন, যাতায়াত, ক্যাটারিং বা খাবারের ব্যবস্থা এবং পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় সেবা অন্তর্ভুক্ত থাকবে। এর পাশাপাশি হাজিরা চাইলে নিজেদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী অতিরিক্ত কিছু সুবিধাও যুক্ত করতে পারবেন।
মন্ত্রণালয়ের নতুন এই উদ্যোগের ফলে বিভিন্ন দেশের হজ এজেন্সিগুলো আরও সহজে হাজিদের জন্য মানসম্মত ও নমনীয় হজ প্যাকেজ তৈরি করতে পারবে। ১৪৪৮ হিজরি হজ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সৌদি আরবের ভিশন ২০৩০ -এর লক্ষ্য বাস্তবায়নেও উদ্যোগটি ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। এ প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে ৭৫টির বেশি দেশের হজ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
হজ ব্যবস্থাপনা আরও ডিজিটাল ও ঝামেলামুক্ত করতে সৌদি আরব দীর্ঘদিন ধরে বিভিন্ন অনলাইন ও প্রযুক্তিনির্ভর সেবা চালু করে আসছে। নতুন সমন্বিত প্যাকেজ সেই ডিজিটাল ব্যবস্থাপনাকে আরও বিস্তৃত করবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর