কুমিল্লার বুড়িচংয়ে বাড়ির উঠানে পানিভর্তি গর্তে পড়ে হাসান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পূর্ণমতি গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত হাসান ওই গ্রামের সাবেক ভাইস চেয়ারম্যান ফজলু মিয়ার বাড়ির বাহরাইনপ্রবাসী লিটন মিয়ার একমাত্র ছেলে।রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন শিশুটির চাচা সাখাওয়াত হোসেন।
পরিবারের সদস্যরা জানান,হাসানের মা-বাবা কয়েক মাস আগে বাড়ির পাশের উঠান থেকে মাটি কেটে ঘরের ভিটে উঁচু করা হয়। এতে সেখানে একটি বড় গর্তের সৃষ্টি হয়। পরে বৃষ্টির পানিতে গর্তটি ভরে ছোট পুকুরের মতো হয়ে যায়।
মঙ্গলবার বিকেলে হাসান ওই গর্তের পাশে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে পানিভর্তি গর্তে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় গর্ত থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, ‘গর্তে পড়ে শিশুর মৃত্যুর বিষয়টি রাতে শুনেছি। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। তারপরও বিষয়টি তদন্ত করে দেখা হবে।’
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর