• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৩ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ১০:০৭ দুপুর

মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, পাল্টাপাল্টি ধাওয়া-গাড়ি ভাঙচুর

ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশ, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণ, যানবাহন ভাঙচুর ও টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শনিবার (২৮ নভেম্বর) রাত পৌনে ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ সংঘর্ষ ও অবরোধ চলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত পৌনে ১১টার দিকে উপজেলার ট্রেনিং সেন্টার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক শ নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি চৌদ্দগ্রাম বাজার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে যাওয়ার সময় মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন দিয়ে অবরোধ সৃষ্টি করেন তারা।

এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। পাশাপাশি কিছু গাড়ির চাবি ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেন চালকেরা। অবরোধ শুরুর প্রায় এক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও পুলিশের সঙ্গে যোগ দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। রাত পৌনে ১২টা পর্যন্ত ধাওয়া-পাল্টাধাওয়া চলে।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে মিছিল বের করে মহাসড়কে বিশৃঙ্খলা ও যানবাহন ভাঙচুর করেন। খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যান।

উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমানও জানান, খবর পেয়ে জামায়াতের নেতাকর্মীরা পুলিশের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের ধাওয়া করেছেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে সড়ক থেকে প্রতিবন্ধকতা সরিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]