• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ২ মিনিট পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
শেখ রাজেন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৬, ১০:২১ রাত

রুমিন ফারহানাকে নিয়ে নাদিয়া পাঠানের হুঁশিয়ারি, ‘অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে’

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বিএনপি ও দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করছেন—এমন অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন। তিনি বলেছেন, রুমিন ফারহানার বক্তব্যে বিএনপির নেতাকর্মীদের সহ্যসীমা ক্রমেই অতিক্রম করছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের বেকিনগর গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাদিয়া পাঠান।

তিনি বলেন, ‘রুমিন ফারহানার বক্তব্যে দলের নেতাকর্মীদের সহ্যসীমা পার হয়ে যাচ্ছে। আমাদের ধৈর্যেরও একটা সীমা আছে। সহ্যসীমা পার হয়ে গেলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, যা কাম্য নয়।’

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র অংশ হিসেবে স্থানীয় বিএনপি ওই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে।

নাদিয়া পাঠান বলেন, বিএনপি রুমিন ফারহানাকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য করে রাজনৈতিক পরিচিতি দেওয়ার সুযোগ করে দিয়েছিল। অথচ বর্তমানে তিনি দলের প্রতি ‘চরম অকৃতজ্ঞতা’ প্রকাশ করছেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের ত্যাগের কথা ও দলীয় বক্তব্য রুমিন ফারহানাকে লিখে দেওয়া হতো এবং তিনি শুধু সেগুলো জনগণের সামনে তুলে ধরতেন।’ রুমিন ফারহানার বক্তব্যের সমালোচনা করে নাদিয়া পাঠান আরও বলেন, ‘উনি প্রায়ই বলেন, “বাবা-দাদার রাজনীতি ছাড়তে হবে।” নিজের যোগ্যতা থাকলে বারবার বাবার নাম জপতে হয় কেন? নিজের যোগ্যতায় বড় হতে হয়।’

এ সময় রুমিন ফারহানার বক্তব্যের সঙ্গে শেখ হাসিনার বক্তব্যের মিল রয়েছে বলেও মন্তব্য করেন নাদিয়া পাঠান। তিনি বলেন, ‘শেখ হাসিনা যেভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে অবান্তর ও কুরুচিপূর্ণ মন্তব্য করতেন, বর্তমানে যেন সেই দায়িত্বই রুমিন ফারহানা নিজের কাঁধে তুলে নিয়েছেন।’

তারেক রহমানকে নিয়ে রুমিন ফারহানার সাম্প্রতিক একটি মন্তব্যের প্রসঙ্গ টেনে নাদিয়া পাঠান বলেন, ‘তারেক রহমান অপুষ্টিতে ভুগছেন—এমন অবাস্তব ও জ্ঞানশূন্য কথা উনি কীভাবে বলেন? উনি কি উনার ব্যক্তিগত চিকিৎসক?’ এদিকে নাদিয়া পাঠানের এসব অভিযোগ ও মন্তব্যের বিষয়ে জানতে চাইলে রুমিন ফারহানা বলেন, ‘কে বা কারা আমাকে নিয়ে কী বলেছে তা আমি জানতে চাই না। এ নিয়ে কোনো মন্তব্যও করতে চাই না।’

নাদিয়া পাঠান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নে ব্রাহ্মণবাড়িয়া জেলার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেত্রী।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]