রাজধানীর গুলশানে ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানে যৌথ অভিযান চালিয়ে অননুমোদিত ওয়্যারহাউসে শুল্কমুক্ত পণ্য মজুতের সন্ধান পেয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তে গুরুতর অসঙ্গতি পাওয়ায় অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য প্রতিষ্ঠানটির চারটি ওয়্যারহাউসই সিলগালা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিষ্ঠানটির অনুমোদিত ও ঘোষিত ওয়্যারহাউস ছিল দুটি। তবে সরেজমিন পরিদর্শনে মোট চারটি ওয়্যারহাউসে পণ্য মজুতের তথ্য পাওয়া যায়। অর্থাৎ অনুমোদিত সীমার বাইরে আরও দুটি অননুমোদিত ওয়্যারহাউসে পণ্য সংরক্ষণ করা হচ্ছিল।
কর্তৃপক্ষের ভাষ্য, বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত পণ্য যাতে অননুমোদিত স্থান থেকে স্থানান্তর বা অপসারণ করা না যায় এবং তদন্ত কার্যক্রম সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা যায়, সে জন্য প্রতিষ্ঠানটির চারটি ওয়্যারহাউসই সিলগালা করা হয়েছে।
সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত ও যাচাই-বাছাই চলছে। তদন্তে পাওয়া তথ্য ও প্রমাণের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর