জনগণকে শান্তি ও নিরাপত্তা দিতে পারে না—এমন সরকারের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণ যাতে শান্তিতে ঘুমাতে পারে এবং নিরাপত্তার সঙ্গে জীবনযাপন করতে পারে, তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। বিরোধী দলে থাকলেও দেশের প্রতি তাদের দায়িত্ব রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
রোববার (৪ অক্টোবর) রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসচেতনতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী, স্থানীয় বাসিন্দা এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশে শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতিই নয়, কার্যত রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানও বিধ্বস্ত অবস্থায় রয়েছে। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, রাজধানীতে দিনের বেলাতেও বিভিন্ন ধরনের অপরাধ ও অপকর্ম ঘটছে। রাতেও একই ধরনের ঘটনা ঘটছে। সরকারের কেন্দ্রীয় অবস্থান রাজধানী হওয়ায় এখানকার পরিস্থিতি দেখলেই দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া যায়।
একটি মেডিকেল সেন্টারে ভাঙচুর ও লুটপাটের প্রসঙ্গ তুলে সরকারের সমালোচনা করেন জামায়াতের আমির। তিনি অভিযোগ করেন, একটি মেডিকেল সেন্টার ভাঙচুর করে সেখানকার সম্পদ লুট করা হয়েছে। এ ঘটনায় দুষ্কৃতকারীদের পাশাপাশি জনপ্রতিনিধিদের কেউ কেউ আড়াল থেকে নেতৃত্ব দিয়েছেন বলেও দাবি করেন তিনি।
ডা. শফিকুর রহমান আরও অভিযোগ করেন, জনগণের চোখে ধুলো দিতে একজনকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করানো হলেও সংশ্লিষ্ট ব্যক্তিকে এখনো দল থেকে বহিষ্কার করা হয়নি। এমনকি তাকে গ্রেপ্তার করে আইনের আওতায়ও আনা হয়নি। একই ঘটনায় জড়িত অন্য দুষ্কৃতকারীদেরও গ্রেপ্তার করা হয়নি বলে দাবি করেন তিনি।
জনগণকে বোকা বা অন্ধ মনে না করার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, এখন কোনো কিছু আড়াল করার সুযোগ নেই। মুহূর্তের মধ্যেই যেকোনো তথ্য মানুষের কাছে পৌঁছে যায় এবং জনগণ সবকিছু স্পষ্টভাবে দেখতে ও বুঝতে পারে।
তিনি বলেন, বিরোধী দলে থাকলেও দেশের প্রতি দায়িত্ব রয়েছে। আর জনগণের শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। যে সরকার জনগণকে সেই শান্তি দিতে পারে না, তাদের প্রয়োজন নেই।
কুশল/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর