দীর্ঘ ১০ বছরের সম্পর্ক ও দাম্পত্য জীবনের পর বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন প্রীতম ও শাহতাজ। পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়েই বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্তে পৌঁছেছেন তারা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন এ দম্পতি।
বিবৃতিতে তারা বলেন, ‘আমি ও শাহতাজ পারস্পরিক বোঝাপড়ায় আমাদের দশ বছরের পথচলার পর আমাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।’
একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য তারা দুজনই কৃতজ্ঞ বলে জানিয়েছেন। একই সঙ্গে একে অপরের প্রতি সম্মান ও শুভকামনা সবসময়ই থাকবে বলেও উল্লেখ করেছেন। তাদের ভাষ্য, ‘সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো হবে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া নয়। অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে আলোচনা করে এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তারা বিচ্ছেদের সিদ্ধান্তে পৌঁছেছেন।’ বর্তমানে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া প্রীতম ও শাহতাজ জীবনের নতুন অধ্যায়ে আলাদাভাবে এগিয়ে যেতে চান।
এই পরিবর্তনের সময়ে তাদের ব্যক্তিগত পরিসর, গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান দেখানোর জন্য বন্ধু, সহকর্মী এবং গণমাধ্যমের প্রতি আন্তরিক অনুরোধ জানিয়েছেন তারা।তারা আশা প্রকাশ করেছেন, বিষয়টি তাদের দুজনের প্রতিই সম্মান ও সহমর্মিতার সঙ্গে বিবেচনা করা হবে। সবশেষে সবসময় পাশে থাকা এবং তাদের প্রতি ভালোবাসা ও সমর্থনের জন্য সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন প্রীতম ও শাহতাজ।
প্রসঙ্গত, ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলে দুই পরিবারের সদস্য ও কাছের মানুষদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয় প্রীতম ও শাহতাজের। এর আগে থেকেই দীর্ঘদিনের সম্পর্ক ছিল তাদের। বিয়ের পরও নানা সময়ে একসঙ্গে নিজেদের মুহূর্তের ছবি ও স্মৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করে নিতে দেখা গেছে তাদের।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর