আলোচিত ৩০ মামলার আসামি রাজা ওরফে ‘পিচ্চি রাজা’র পলায়ন ঘটনায় নতুন মোড় এসেছে। পুলিশের তদন্তে উঠে এসেছে, গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে নয়, ঢাকার তাঁতীবাজার এলাকা থেকেই প্রিজন ভ্যান থেকে বের করে তাকে পালিয়ে যেতে সহায়তা করা হয়।
এ ঘটনায় পুলিশ সদস্যদেরও সম্পৃক্ততা পাওয়া গেছে। পিচ্চি রাজাকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে তার বোন তাসলিমা এবং দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার পুলিশ সদস্যরা হলেন স্কট লিডার এসআই প্রবীর কুমার ও প্রিজন ভ্যানের চালক নায়েক কামাল হোসেন।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে গাজীপুর মহানগর পুলিশের সদর দপ্তরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার।
পুলিশ কমিশনার জানান, ২৯ জন আসামিকে নিয়ে ঢাকা জেলা জজ আদালত থেকে প্রিজন ভ্যানটি গাজীপুরের উদ্দেশে রওনা হয়। পরে তাঁতীবাজার এলাকায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কাছে এসে ভ্যানটি থামানো হয়।
তদন্তে পাওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ কমিশনার বলেন, ওই সময় স্কট পার্টির ইনচার্জ এসআই প্রবীর বিশ্বাস প্রিজন ভ্যানের চালক নায়েক কামাল হোসেনের কাছ থেকে ভ্যানের চাবি নিয়ে নেন। এরপর তিনি পিচ্চি রাজা ও হাজতি আসামি খাইরুল বাশারকে ভ্যান থেকে বের করে সামনের দিকে নিয়ে যান।
পুলিশের ভাষ্য অনুযায়ী, খাইরুল বাশার প্রিজন ভ্যানের চালকের আসনের পাশে বসেন। অন্যদিকে পিচ্চি রাজা ও এসআই প্রবীর ভ্যানে ওঠেননি। এ সময় সেখানে আগে থেকেই অপেক্ষমাণ একটি প্রাইভেটকারে করে পিচ্চি রাজা পালিয়ে যান।
পরে এসআই প্রবীর রাত সাড়ে ৮টার দিকে মামলার এজাহারে উল্লেখ করা ঘটনাস্থলে যান। এরপর প্রিজন ভ্যানে উঠে স্কট পার্টির অন্য সদস্যদের সঙ্গে নিয়ে পিচ্চি রাজা পলায়নের ঘটনাটি সাজানো হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।
বিভিন্ন সাক্ষ্য, আলামত ও অন্যান্য প্রমাণ বিশ্লেষণের পর পিচ্চি রাজার বোন তাসলিমা, এসআই প্রবীর কুমার ও নায়েক কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ কমিশনার। এ সময় কামাল হোসেনের বাড়ি থেকে নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়ার আট দিন পেরিয়ে গেলেও এখনো পিচ্চি রাজাকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তার পলায়নের ঘটনায় দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে পিচ্চি রাজাকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি তিন পুলিশ সদস্যকেও নজরদারিতে রাখা হয়েছে।
পুলিশের তদন্তে পিচ্চি রাজার পলায়নের ঘটনাটি গাজীপুরের পরিবর্তে ঢাকার তাঁতীবাজার থেকেই ঘটেছে বলে নিশ্চিত হওয়ায় পুরো ঘটনায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
অপরাধ এর সর্বশেষ খবর