• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৬ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / অপরাধ / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬, ০২:১০ দুপুর

কোচিং থেকে বহিষ্কারের ক্ষোভে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় কোচিং সেন্টারে উত্ত্যক্তের অভিযোগে আট মাস আগে বহিষ্কৃত হওয়ার ক্ষোভ থেকে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে কিশোর ইমনের বিরুদ্ধে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে শহরের থানাপাড়া এলাকায় নিজ বাসার সামনে জাকিয়া সুলতানা (১৬) নামের ওই শিক্ষার্থীকে পেছন থেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় অভিযুক্ত ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) আদালতের নির্দেশে তাকে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।

আহত জাকিয়া বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, সে আপাতত শঙ্কামুক্ত। তবে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের ক্ষত রয়েছে।

জাকিয়া ও তার পরিবারের দাবি, কোচিং সেন্টার থেকে বহিষ্কারের পর ইমনের সঙ্গে তাদের আর কোনো যোগাযোগ ছিল না। হঠাৎ সোমবার দুপুরে বাসার সামনে পেছন থেকে জাকিয়ার ওপর হামলা চালায় ওই কিশোর।

হাসপাতালে চিকিৎসাধীন জাকিয়া ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ফেব্রুয়ারিতে শহরের একটি কোচিং সেন্টারে ভর্তি হয়েছিল সে। একই কোচিংয়ে ভর্তি হয় অভিযুক্ত কিশোর ইমনও। সেখানে কয়েক দিন ক্লাস করার পর ইমন তাকে প্রেমের প্রস্তাব দেয় এবং বিভিন্নভাবে উত্ত্যক্ত করতে থাকে।

বিষয়টি মাকে জানায় জাকিয়া। পরে তার মা কোচিং সেন্টারের পরিচালক ও ইমনের পরিবারকে বিষয়টি অবহিত করেন। এরপর কোচিং সেন্টার থেকে ইমনকে বহিষ্কার করা হয়।

জাকিয়া জানায়, কোচিং থেকে বহিষ্কারের পর ইমনের সঙ্গে তার আর কোনো যোগাযোগ হয়নি। এমনকি ছুরিকাঘাতের ঘটনার আগে কোথাও তাকে দেখেনি সে। কোচিং থেকে বহিষ্কারের ঘটনায় ইমন ক্ষুব্ধ ছিল বলে ধারণা জাকিয়ার। সেই ক্ষোভ থেকেই হামলা চালানো হয়ে থাকতে পারে।

হামলার বর্ণনা দিয়ে জাকিয়া জানায়, স্কুলে নির্বাচনি পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পর ভবনের নিচে দাঁড়িয়ে ব্যাগ থেকে চাবি বের করছিল সে। এ সময় পেছন থেকে এসে ইমন তার চুল ধরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। এরপর কী হয়েছে, তা আর মনে নেই তার।

জাকিয়ার মা সুমি আক্তার জানান, মেয়ের হাত ও পিঠে ব্যান্ডেজ করা হয়েছে। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। মেয়ের বাঁ হাতের কনিষ্ঠ আঙুল নাড়াচাড়া করতে সমস্যা হচ্ছে। সেখানে কোনো জটিলতা দেখা দিয়েছে কি না, তা নিয়ে তারা উদ্বিগ্ন। এদিকে জেলা প্রশাসনের কর্মকর্তারাও হাসপাতালে এসে মেয়ের খোঁজখবর নিয়েছেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১টার দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় নিজ বাসার সামনে হামলার শিকার হয় জাকিয়া। স্কুল থেকে নির্বাচনি পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পর ভবনের নিচে কলবেল দেওয়ার সময় পেছন থেকে তার ওপর হামলা চালায় এক কিশোর। উপর্যুপরি ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে। এতে জাকিয়ার শরীরের অন্তত ছয়টি স্থানে আঘাত লাগে।

এ ঘটনায় সোমবার রাতে কুষ্টিয়া মডেল থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন জাকিয়ার বাবা। ঘটনার প্রায় ১২ ঘণ্টার মধ্যে সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ইমনকে তার খালার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ইমনকে আদালতে নেওয়া হয়। শুনানি শেষে বিচারক তাকে কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে ঘটনার পর থেকে ইমনের পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছেন। তাদের বাড়িতে তালা ঝুলতে দেখা গেছে। এ বিষয়ে পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি।

হামলার কারণে জাকিয়ার এসএসসি নির্বাচনি পরীক্ষাও ব্যাহত হয়েছে। মঙ্গলবার তার নির্বাচনি পরীক্ষার শেষ বিষয় রসায়ন পরীক্ষা ছিল। হাসপাতালে ভর্তি থাকায় সে পরীক্ষায় অংশ নিতে পারেনি। তবে বিদ্যালয়ের শিক্ষকরা তার খোঁজখবর নিয়েছেন এবং পরবর্তী সময়ে পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]