জামালপুরের বকশীগঞ্জে হঠাৎ ঝোড়ো বাতাসে বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপড়ে ও ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা। সড়কের ওপর গাছ পড়ে বকশীগঞ্জ-সানন্দবাড়ী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় হঠাৎ ঝোড়ো বাতাস শুরু হলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, বিকেলে বগারচর ইউনিয়নের সারমারা, টাংগারিপাড়া, মোড়ারপাড়া, গোপালপুর, ধারারচরসহ আশপাশের এলাকায় হঠাৎ প্রচণ্ড বাতাস শুরু হয়। কয়েক মিনিটের মধ্যেই বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে ও উপড়ে পড়তে থাকে। এতে বেশ কিছু বসতবাড়ির চাল ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।
সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন বকশীগঞ্জ-সানন্দবাড়ী সড়কে চলাচলকারী মানুষ। সড়কের বিভিন্ন স্থানে গাছ পড়ে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
স্থানীয়রা জানান, বিকেলের দিকে হঠাৎ প্রচণ্ড বাতাস শুরু হলে কিছু বুঝে ওঠার আগেই সড়কের ওপর একের পর এক গাছ পড়ে যায়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা হাসান আলী বলেন, ঝোড়ো বাতাসে বকশীগঞ্জ-সানন্দবাড়ী সড়কের ওপর গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে গাছ সরানোর কাজ করছে। দ্রুত সড়কটি যান চলাচলের উপযোগী করার চেষ্টা চলছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর