দেশে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছে। চলতি অক্টোবর মাসের প্রথম ৯ দিনেই মশাবাহিত রোগটিতে প্রাণ হারিয়েছেন ৫০ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯৫ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩০০ জন।
শুক্রবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৩৪৩ জন।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩১৮ জন, খুলনা বিভাগে ২৭৪ জন, বরিশাল বিভাগে ১৪১ জন, রংপুর বিভাগে ৮০ জন, ময়মনসিংহ বিভাগে ৬৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৫ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৯৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে, দুই সিটি করপোরেশনসহ, প্রাণ হারিয়েছেন ১৩২ জন।
এ ছাড়া খুলনা বিভাগে ৬০ জন, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ২৫ জন করে, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ছয়জন এবং সিলেট বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে।
মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গত আগস্টে ডেঙ্গুতে ৪৩ জনের মৃত্যু হয়েছিল। সেপ্টেম্বরে পরিস্থিতির আরও অবনতি ঘটে; ওই মাসে প্রাণ হারান ১৪৮ জন। আর অক্টোবরের প্রথম নয় দিনেই মারা গেছেন ৫০ জন। এ পরিসংখ্যান ডেঙ্গুতে মৃত্যুর ধারাবাহিক উদ্বেগজনক পরিস্থিতিই তুলে ধরছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
স্বাস্থ্য ও চিকিৎসা এর সর্বশেষ খবর