জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) সকাল ছয়টার দিকে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ। বাসের হেলপারকেও আটক করা হয়েছে।
নিহত দুজন হলেন নিলক্ষিয়া ঠাকুরপাড়া গ্রামের উফেজা বেগম (৬৫) ও তাঁর পুত্রবধূ ফরিদা বেগম (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের একটি বাস বকশীগঞ্জের ঠাকুরপাড়া হয়ে রৌমারীর দিকে যাচ্ছিল। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন উফেজা ও ফরিদা। বাসটি ওই এলাকা অতিক্রম করার সময় তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে। এ ঘটনায় বাসের হেলপার মহিউদ্দিনকে আটক করা হয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ ও হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর