খুলনায় সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় নিরাপত্তা জোরদারে রাতে একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ। বিশেষ অভিযানসহ দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইউনিটপ্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) রাতে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ সুপারের স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, চলমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় খুলনার রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটায় তাঁদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। এ অবস্থায় বিশেষ অভিযানসহ অন্যান্য দায়িত্ব পালনের সময় রাতে কোনো পুলিশ সদস্য যাতে একা চলাচল না করেন, তা নিশ্চিত করতে ইউনিটপ্রধানদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
এ নির্দেশনার অনুলিপি অতিরিক্ত পুলিশ সুপারদের (প্রশাসন ও অর্থ, অপরাধ ও অপারেশন, ডিএসবি ও ট্রাফিক), সার্কেল সহকারী পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ট্রাফিক বিভাগ, পুলিশ লাইনস, রিজার্ভ অফিস, কোর্ট পুলিশ পরিদর্শকসহ সংশ্লিষ্ট সব দপ্তর ও থানায় পাঠানো হয়েছে।

খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে রূপসা থানায় বিশেষ অভিযান শেষে ফেরার পথে এক পুলিশ পরিদর্শক ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। ঘটনার সময় তিনি সাদা পোশাকে ছিলেন। এ ঘটনার পর জেলা পুলিশের সদস্যদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে রাতে একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে খুলনা নগরীর খানজাহান আলী সড়কে খুলনা কলেজিয়েট স্কুলের সামনে ছিনতাইকারীদের ধারালো চাপাতির আঘাতে গুরুতর আহত হন ৪৩ বছর বয়সী পুলিশ পরিদর্শক শাহ আলম। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর