বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা গেছেন। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টায় ভারতের কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
রোটনের মৃত্যুর খবর ফেসবুকে এক শোকবার্তার মাধ্যমে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম।
শোকবার্তায় এনামুল হক শামীম লেখেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন ছিলেন তাঁর অত্যন্ত প্রিয় ভাই, সহযোদ্ধা এবং সুখ-দুঃখের সঙ্গী। ছোট ভাইয়ের মতো স্নেহের মানুষ ও রাজপথের সহযোদ্ধাকে হারানোর বেদনা ভাষায় প্রকাশ করা কঠিন বলেও উল্লেখ করেন তিনি। রোটনের অকালপ্রয়াণে গভীর শোক প্রকাশ করে শামীম বলেন, এত দ্রুত তাঁকে হারাতে হবে, তা ভাবতেই কষ্ট হচ্ছে।
মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন মাহমুদ হাসান রিপন।
ছাত্রলীগের রাজনীতি শেষে রোটন আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় ছিলেন। চট্টগ্রামের রাউজানের এই রাজনীতিবিদ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরে ২০২১ সালে তিনি আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য হিসেবে মনোনীত হন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর