ময়মনসিংহে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৯৩ বোতল এসকাফ সিরাপ ও ১৪০ বোতল ফেয়ার ডিল সিরাপসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪। এ সময় তাঁদের কাছ থেকে মাদক বিক্রির ১৪ হাজার ৭০০ টাকা ও তিনটি মুঠোফোন জব্দ করা হয়েছে।
শনিবার রাত সাড়ে আটটার দিকে ময়মনসিংহ-কেন্দুয়া সড়কের রঘুরামপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে ‘আলিফ সুপার’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। অভিযানটি পরিচালনা করে এসআরবি-১৪-এর ময়মনসিংহের সিপিএসসি ইউনিট।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শরীয়তপুর জেলার মো. আসাদ মিয়া (৪২) ও মাদারীপুর জেলার মো. রানা (২৪)।
এসআরবি-১৪-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বাসটির যাত্রীদের তল্লাশি করা হয়। এ সময় আসাদ ও রানার কাঁধব্যাগ ও ট্রলি ব্যাগে বিশেষ কৌশলে রাখা ২৯৩ বোতল এসকাফ সিরাপ এবং ১৪০ বোতল ফেয়ার ডিল সিরাপ পাওয়া যায়। পরে তাঁদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৭০০ টাকা ও তিনটি মুঠোফোন জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ময়মনসিংহসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। গ্রেপ্তার দুজনকে জব্দ করা আলামতসহ ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর