দেশের বিমানবহর সম্প্রসারণে প্রথম ধাপে ৩৫টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ভবিষ্যতে এই সংখ্যা ২০০ ছাড়িয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।
রবিবার (১১ অক্টোবর) ময়মনসিংহ নগরীর সারিন্দা সবারি রিসোর্টে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে ‘সৃষ্টি সুখের উল্লাসে’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিমানমন্ত্রী বলেন, ‘আমি চাই, বিমানবহর শুধু ৩৫টি উড়োজাহাজে সীমাবদ্ধ থাকবে না। আমাদের ছেলেমেয়েরা যেভাবে উন্নত হচ্ছে, বিকশিত হচ্ছে এবং মেধার পরিচয় দিচ্ছে, সেই সক্ষমতা অনুযায়ী আমি চাই, এ দেশে ২০০টিরও বেশি উড়োজাহাজ থাকবে।’
পরিকল্পিত ৩৫টি উড়োজাহাজ দেশে আনতে প্রায় ১০ বছর সময় লাগতে পারে জানিয়ে তিনি বলেন, ২০৩১ সাল থেকে পর্যায়ক্রমে উড়োজাহাজ আসা শুরু হবে। ২০৩৬ থেকে ২০৩৭ সালের মধ্যে সবগুলো দেশে পৌঁছানোর কথা রয়েছে।
মন্ত্রী বলেন, বর্তমানে বিমানবহরে থাকা উড়োজাহাজগুলো একসময় পুরোনো হয়ে যাবে। তখন যাত্রীসেবা অব্যাহত রাখা এবং ক্রমবর্ধমান চাহিদা পূরণে নতুন উড়োজাহাজ প্রয়োজন হবে। এ কারণে এখন থেকেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোতে হবে।
আন্তর্জাতিক বিমান যোগাযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কানাডা, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও চীনের মতো গুরুত্বপূর্ণ গন্তব্যে সরাসরি ফ্লাইট বাড়ানোর সুযোগ তৈরি করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট দেশগুলোতে প্রয়োজনীয় ফ্লাইট স্লট নিশ্চিত করার উদ্যোগ নিতে হবে।
পর্যটন খাতের উন্নয়নেও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, নেত্রকোনার বিরিশিরিকে জাতীয় পর্যায়ের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পর্যটনশিল্পের বিকাশের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও আঞ্চলিক অর্থনীতি শক্তিশালী করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
বৃহত্তর ময়মনসিংহের অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করার কথাও জানান বিমানমন্ত্রী।
অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া প্রায় এক হাজার ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মো. জাকির হোসেন বাবলু এবং ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ।
এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর