ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনসহ অন্যান্য স্থানীয় সরকার পরিষদের নির্বাচন নিয়ে আলোচনা করতে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে কমিশনের সভায় এসব বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
ইসির সংস্থাপন শাখার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। ইসির উপসচিব মো. শাহ্ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে জানানো হয়েছে, আগামী ১৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সকলকে সভায় উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় আলোচ্যসূচির মধ্যে রয়েছে:
(ক) স্থানীয় সরকার পরিষদের নির্বাচনসমূহের বিষয়ে আলোচনা।
(খ) ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণ।
(গ) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ নির্ধারণ।
(ঘ) পার্সোনালাইজেশন সেন্টারে অবস্থিত মেশিনসমূহের অবস্থা, রক্ষণাবেক্ষণ, কার্ড প্রিন্ট, বকেয়া বিল পরিশোধ, নতুন চুক্তি সম্পাদন ইত্যাদি বিষয়ে গঠিত কমিটির কার্যবিবরণী পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণ।
(ঙ) জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫-এর খসড়া অনুমোদন।
(চ) বিবিধ।
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর