জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির গ্রামের বাড়িতে গভীর রাতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
এ সময় বাড়িতে ঘুমিয়ে ছিলেন তার মা-বাবা। তবে প্রতিবেশী এক নারীর চিৎকারে আশেপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৩টার দিকে নেত্রকোনার জেলার মোহনগঞ্জ উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
খান তালাত মাহমুদ রাফির অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার গ্রামের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছে। দুর্বৃত্তরা বাড়ির বিদ্যুতের মিটারের ঠিক নিচে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন পুরো বাড়িতে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি তার।
রাফি বলেন, ঘটনার সময় আমার মা-বাবা বাড়িতে ঘুমিয়ে ছিলেন। পাশের বাড়ির এক নারী আগুন দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্যদের ঘুম ভাঙে। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নেভানো সম্ভব হয়। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পান তার মা-বাবা।
রফির বাবা তরিকুল ইসলাম বলেন, রাত সাড়ে ১০ দিকে আমরা ঘুমিয়ে যাই। গভীর রাতে কে বা কারা ঘরের বারান্দায় বাজারের শপিংয়ের সঙ্গে পেট্রল মিশিয়ে বিদ্যুতের মিটারের কাছেই আগুন ধরিয়ে দেয়। এক পর্যায়ে পেট্রলের গন্ধে আমার স্ত্রীর ঘুম ভেঙে যায়। পরে ঘুম থেকে উঠে খোঁজাখুঁজি করে দেখি ঘরের সামনের বারান্দায় কে বা কারা পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, রাত সাড়ে ৩টার দিকে কে বা কারা বাড়িটিতে আগুন দেওয়ার চেষ্টা করে। এ সময় পরিবারের সদস্যরা জেগে ওঠায় দুর্বৃত্তরা আর আগুন ছড়াতে পারেনি। ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর