আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে ২৬ জন কর্মকর্তাকে নিয়োগের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণের আগের দিন থেকে পরের দিন পর্যন্ত তিন দিন তারা নির্বাচনি এলাকায় দায়িত্ব পালন করবেন। এ সময় কোনো অনিয়ম বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নজরে এলে তাৎক্ষণিকভাবে ইসিকে জানাতে হবে তাদের।
রোববার (১১ অক্টোবর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা যায়।
চিঠিতে বলা হয়েছে, আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠেয় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন এবং ভোটকেন্দ্রের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে ভোটগ্রহণের আগের দিন থেকে পরের দিন পর্যন্ত তিন দিনের জন্য ইসির নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে ২৬ জন পর্যবেক্ষক নিয়োগের নির্দেশনা দিয়েছে কমিশন। ঠাকুরগাঁও পৌরসভার প্রতি তিনটি ওয়ার্ডের জন্য একজন এবং প্রতি ইউনিয়নের জন্য একজন করে পর্যবেক্ষক নিয়োগ করা হবে।
নিয়োগপ্রাপ্ত পর্যবেক্ষকরা ২৮ অক্টোবর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে রিপোর্ট করবেন। ওই দিনই রিটার্নিং কর্মকর্তা তাদের পর্যবেক্ষণ এলাকা বণ্টন করে তালিকা ইসি সচিবালয়ে পাঠাবেন।
এতে আরও বলা হয়েছে, পর্যবেক্ষকরা নিজ নিজ এলাকায় অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।পর্যবেক্ষণকালে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধা, জাল ভোট বা অবৈধ প্রভাব বিস্তারের মতো কোনো অনিয়ম নজরে এলে তাৎক্ষণিকভাবে টেলিফোন, মোবাইল বা প্রয়োজনে লিখিতভাবে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব/অতিরিক্ত সচিব এবং সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে জানাতে হবে। পর্যবেক্ষণ শেষে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলে তা আলাদা কাগজে লিপিবদ্ধ করে ইসি সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে দাখিল করতে হবে।
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর