বাংলাদেশ না চাওয়া জামায়াতে ইসলামী প্রতিবাদ করছে রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি, বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় অভিযুক্ত আয়াসকে নিয়েও প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেছেন, প্রতারক উজ্জ্বল ওরফে আয়াসের পেছনে রয়েছেন জামায়াতের আমিরের উপদেষ্টা ব্যারিস্টার শাহরিয়ার কবির।
রোববার (১১ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।
পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, আয়াসের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মন কাঁদলেও দলটি তাঁর পাশে দাঁড়াতে পারছে না। অন্যদিকে জামায়াতে ইসলামী সরাসরি আয়াসের পক্ষে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় আয়াসের পরিচয় এবং তাঁকে কে পরিচালনা করছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খাঁন।
রাশেদ খাঁনের দাবি, ময়মনসিংহের উজ্জ্বল ঢাকায় এসে নিজের নাম, চুলের ধরন ও চেহারায় কিছুটা পরিবর্তন এনে জুলাই যোদ্ধা আয়াস পরিচয়ে সামনে এসেছেন। তাঁর বিরুদ্ধে আগে প্রতারণার মামলা ছিল এবং ওই মামলায় তিনি কারাভোগও করেছেন বলে দাবি করেন রাশেদ খাঁন। তাঁর ভাষ্য অনুযায়ী, মামলাটি এখনো বিচারাধীন।
আয়াসকে রোববার প্রিজন ভ্যান থেকে নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগইন করে সব তথ্য মুছে ফেলার কথা বলতে শোনা গেছে উল্লেখ করে রাশেদ খাঁন প্রশ্ন তোলেন, তাঁর হোয়াটসঅ্যাপে এমন কী তথ্য রয়েছে, যা মুছে ফেলার প্রয়োজন হয়েছে।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন আরও অভিযোগ করেন, রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার জন্য আয়াসকে চুনকালি কেনার টাকা দিয়েছেন জামায়াতের আমিরের উপদেষ্টা ব্যারিস্টার শাহরিয়ার কবির। জুলাইয়ের নামে বিতর্কিত সংগঠন ও কর্মকাণ্ডকে অর্থ ও পরামর্শ দিয়ে এই আইনজীবী পৃষ্ঠপোষকতা করছেন বলেও দাবি করেন তিনি।
রাশেদ খাঁনের অভিযোগ, ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে রক্ষা করতেই আয়াসকে হোয়াটসঅ্যাপের তথ্য মুছে ফেলতে বলা হয়েছে।
তবে রাশেদ খাঁনের ফেসবুক পোস্টে করা এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
কুশল/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর